দম্মাম বিমানবন্দরে হামলাসহ সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানায় এবং সৌদি সরকার ও জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে।
পাশাপাশি বাংলাদেশ অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ এবং কূটনৈতিক উপায়ে পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
গত বুধবার সন্ধ্যায় দম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুজন নিহত এবং দুই বাংলাদেশি নাগরিকসহ আটজন আহত হন।
আহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
আহতদের পরিচয় প্রকাশ করে গতকাল (বৃহস্পতিবার) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশবার্তা/একে