লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাটে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করে জানান, সন্ধ্যায় ২০ থেকে ৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে একে একে আওয়ামী লীগ মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যান তাঁরা। হামলাকারীরা ছাত্রদলের নেতাকর্মী বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, চাঁদা চেয়ে এ হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, ‘স্বার্থসংশ্লিষ্টতায় কেউ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। তবে এ ঘটনায় আমাদের কেউ জড়িত নয়।’
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ‘অপরাধী যেই হোক, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’
প্রতিনিধি/আরএইচ