নথি ফাঁস: ৯৬ বছরের জন্য ফিফাকে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল!

স্পোর্টস ডেস্ক

খেলা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বাধীন বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্টের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য একটি

2026-11-26T17:41:45+06:00
2026-11-26T17:41:45+06:00
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
নথি ফাঁস: ৯৬ বছরের জন্য ফিফাকে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম 
⏲
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বাধীন বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্টের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য একটি মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রস্তাব ছিল। ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে, ২০ বিলিয়ন ডলারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটির নির্বাহীদের জন্য কয়েক কোটি ডলারের ব্যবস্থাপনা বোনাস দেওয়ার ব্যবস্থাও থাকতে পারত।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গত মঙ্গলবার ফিফা ও বিনিয়োগকারী জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মধ্যে আদান-প্রদান হওয়া নথি পর্যালোচনা করে এসব তথ্য প্রকাশ করেছে। নথিগুলোতে দেখা গেছে, গত বিশ্বকাপের ফাইনালের সপ্তাহান্তে, ১৯ জুলাই নিউইয়র্কে চুক্তিটি চূড়ান্ত করার দিকে এগোচ্ছিল দুই পক্ষ।

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস (এফএফই) নামে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ছিল। তবে গোপন এই প্রকল্পের কথা প্রকাশ্যে আসার পর ফিফার ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো।

৯৬ বছরের জন্য বাণিজ্যিক স্বত্ব হস্তান্তরের পরিকল্পনা

ফাঁস হওয়া নথির মধ্যে ফিফার নিজস্ব ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনও রয়েছে। সেখানে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী ফিফা একটি মুনাফাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান তৈরি করবে। ফিফার বিভিন্ন ইভেন্টের সব বাণিজ্যিক স্বত্ব ওই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী ৯৬ বছর ধরে প্রতিষ্ঠানটি এসব স্বত্ব বাণিজ্যিকভাবে কাজে লাগাতে পারবে।

ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ফিফার অর্থ বিভাগের কর্মকর্তারা এই চুক্তির কাঠামো তৈরির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না।

২০ বিলিয়ন ডলারের এফএফই প্রকল্পের নির্বাহীদের জন্য একটি ‘ম্যানেজমেন্ট ইনসেনটিভ প্ল্যান’ বা ব্যবস্থাপনা প্রণোদনা পরিকল্পনাও ছিল। এর আওতায় কর্মকর্তাদের বোনাস নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হতো এফএফইর পরিচালনা পর্ষদকে। সেই পর্ষদের চেয়ারম্যান হওয়ার কথা ছিল দায়িত্বে থাকা ফিফা সভাপতির।

ফিফার বক্তব্য, এ ধরনের কাঠামোর প্রস্তাবে ব্যবস্থাপনা প্রণোদনা রাখা স্বাভাবিক। সংস্থাটি আরও বলেছে, ফিফার নেতৃত্ব কেবল পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, যার জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হতো না।

বিশ্বকাপ ফাইনালের পর প্রকাশ্যে আসে প্রকল্প

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের নয় দিন পর গোপন প্রকল্পটির কথা প্রকাশ্যে আসে। এরপর ইউরোপের ফুটবল প্রশাসক ও ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। ব্যাপক প্রতিক্রিয়ার মুখে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি প্রত্যাহার করেন ইনফান্তিনো।

প্রস্তাবিত পরিকল্পনাটি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইউরোপ ও জাপানের ফুটবল প্রশাসকদের মধ্যে আগে থেকেই থাকা উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে। ফিফার শান্তি পুরস্কার চালু করা এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের জন্য বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা মওকুফ করার বিষয়গুলোও বিতর্কের কেন্দ্রে ছিল।

কুশনারের দুই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা

নথি অনুযায়ী, ফিফা প্রথমে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সঙ্গে আলোচনা করেছিল। পরে জ্যারেডের ছোট ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালকে মূল বিনিয়োগকারী হিসেবে বেছে নেওয়া হয়।

একটি নথিতে উল্লেখ করা হয়েছে, কয়েকটি সম্ভাব্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আগ্রহ থাকা সত্ত্বেও ফিফা উন্মুক্ত দরপত্রের প্রক্রিয়ায় যায়নি। প্রস্তাবিত বিনিয়োগের বিশেষ ও স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপক্ষীয় ও একতরফা আলোচনা চালানোর কারণ দেখিয়ে সরাসরি আলোচনা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

১৭ জুলাই থ্রাইভ ক্যাপিটাল ফিফার কাছে ‘প্রজেক্ট বক্স’ নামে একটি নথি তৈরি করে। এর শিরোনাম ছিল ‘ব্যাকস্টপ লেটার অ্যান্ড ট্রানজ্যাকশন টার্মস’। এতে বিনিয়োগ পরিকল্পনার বিভিন্ন শর্ত এবং ব্যবস্থাপনা প্রণোদনার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

ফিফার মালিকানা ও অনুমোদন নিয়ে ব্যাখ্যা

ফিফা জানিয়েছে, পুরো পরিকল্পনাটিই ছিল একটি প্রস্তাব, যা সংস্থাটির ২১১ সদস্য ফেডারেশনের অনুমোদন পাওয়ার কথা ছিল। সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা হিসেবে ফিফার প্রকৃত মালিকানা কার্যত এই সদস্য ফেডারেশনগুলোর হাতে।

ফিফার বক্তব্য, পরিকল্পনাটি বাস্তবায়নের আগে সদস্য ফেডারেশনগুলোর অনুমোদন প্রয়োজন ছিল। তবে নথি প্রকাশের পর পরিকল্পনার স্বচ্ছতা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং ইনফান্তিনোর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ

ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব নিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা আগে থেকেই নথিপত্র পাওয়ার চেষ্টা করছিল। সম্প্রতি নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে এ বিষয়ে জয় পেয়েছে তারা। ফিফার নথি প্রকাশ আটকে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।

গত আগস্টে উয়েফা আদালতে নথি জমা দিয়েছিল। ইনফান্তিনোকে ফিফা সভাপতির পদ থেকে সরানোর বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ব্যক্তিগতভাবে ফৌজদারি অভিযোগ দায়েরের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে উয়েফার।

২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম নির্বাচনী চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইনফান্তিনো। আগামী ১৮ মার্চ মরক্কোতে অনুষ্ঠেয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রচার চালাচ্ছেন ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা। তবে ইনফান্তিনো আবারও নির্বাচিত হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী
নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ক্যালিফোর্নিয়ায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
আলভারেজের গোলে স্বস্তির জয় আতলেতিকোর
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

সর্বাধিক পঠিত 

বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
কৃষ্ণ কলি (পর্ব-২)
বনানীতে উপশম প্লাসের কর্পোরেট ফ্রি মেডিকেল ও ওয়েলনেস ক্যাম্প ২৯ নভেম্বর
‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা’ অনুষ্ঠিত
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement