চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি হত্যা মামলায় ফেনীর পরশুরাম উপজেলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালবেলার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টুকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ফেনীর সাংবাদিকরা।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে একটি প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে সাংবাদিক মিন্টুকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা।
সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করায় দেশে সাংবাদিকরা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অবিলম্বে মিন্টুর নাম মামলা থেকে বাদ না দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা জানান, ২০১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবদল কর্মী মোহাম্মদ নবীউল্লাহ হত্যার ঘটনায় ২০১৭ সালে পুলিশ চার্জশিট দিলে আদালত মামলাটি খারিজ করেন। পরে গত বছরের ১৭ ডিসেম্বর নিহতের খালাতো ভাই পরিচয়ে কক্সবাজারের উখিয়ার জাহাঙ্গীর আলম নতুন করে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদকে প্রধান আসামি করে মোট ১০২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, যেখানে সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর নামও অন্তর্ভুক্ত করা হয়।
দৈনিক মানবজমিনের শহীদুল আলম ইমরানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাভিশনের রফিকুল ইসলাম, ডিবিসি নিউজের আবু তাহের ভূঁঞা, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, আরটিভির আজাদ মালদার, মাছরাঙা টেলিভিশনের জমির বেগ, স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, এটিএন নিউজের দিদারুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সমীর উদ্দিন, এনটিভির তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক সুপ্রভাতের সম্পাদক ফিরোজ আলম, প্রথম আলোর নাজমুল হক শামীম, এখন টিভির সোলায়মান হাজারী ডালিম, চ্যানেল আইয়ের সফি উল্লাহ রিপন, ভোরের কাগজের সৈয়দ মনির, চ্যানেল নাইনের জহিরুল হক মিলন, আরটিভি ও কালের কণ্ঠের এম এ আকাশ, স্টার নিউজের তানভীর চৌধুরী, এশিয়ান টিভির জিয়া উদ্দিন সোহাগ, ফেনীর গৌরবের নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল, মুক্ত খবরের মাছুম বিল্লাহসহ অনেকে।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের আসামি করা হলে তাঁদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু ২০০০ সালে দৈনিক প্রথম আলোর পরশুরাম প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন এবং দীর্ঘ ১৩ বছরের বেশি সময় সেখানে দায়িত্ব পালন করেন। পরে তিনি যায়যায়দিন, আজকের পত্রিকা, দৈনিক আমাদের সময়, ইংরেজি দৈনিক নিউ এজ এবং বর্তমানে দৈনিক কালবেলার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
প্রতিনিধি/একে