গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪০ হাজার টাকায় বিক্রি করা ১৪ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মা খালেদা বেগম পোশাকশ্রমিকের কাজ করায় ঢাকায় থাকতেন। এ কারণে শিশুটিকে সুন্দরগঞ্জে তার খালার বাড়িতে রাখা হয়েছিল।
স্থানীয়রা জানান, শিশুটির বাবা আজাহার আলী প্রায়ই জুয়া ও মাদকে আসক্ত থাকেন। মায়ের অনুপস্থিতির সুযোগে গত ১ অক্টোবর তিনি খালার কাছ থেকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে শিশু আদিবাকে নিয়ে যান। কয়েক দিনেও শিশুটিকে ফিরিয়ে দেননি তিনি।
পরে শিশুটির মা ও খালার পরিবারের সদস্যরা জানতে পারেন, নোটারি পাবলিকে খালেদা বেগমকে মিথ্যাভাবে ‘মৃত’ দেখিয়ে এফিডেভিট করেছেন আজাহার আলী। এরপর সাদুল্যাপুর উপজেলার পূর্বখামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের পরিবারের কাছে ৪০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটিকে উদ্ধার ও আইনগত সহায়তা চেয়ে ২৭ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করেন খালেদা বেগম। পরদিন বুধবার ভোরে সাদুল্যাপুর থানা-পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, সুন্দরগঞ্জ থানায় করা অভিযোগের ভিত্তিতে বুধবার ভোরে নলডাঙ্গা থেকে বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সারা দিন বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চালানো হয়েছে। সন্ধ্যায় শিশুটিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, শিশুটির বাবা মাদক ও জুয়ায় আসক্ত। ধারণা করা হচ্ছে, জুয়া ও মাদকের টাকা জোগাড় করতে শিশুটিকে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল।
প্রতিনিধি/আরএইচ