রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চালানো এই অভিযানে একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি অভিযান চালানো হয়েছে মিরপুর বিভাগে। বিভিন্ন অপরাধের দায়ে মিরপুর বিভাগ থেকে ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫০ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযানের বাকি অংশ জুড়ে ছিল গুলশান বিভাগ থেকে ৪১ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, রমনা বিভাগ থেকে ২০ জন এবং ডিএমপির গোয়েন্দা (ডিবি) শাখা কর্তৃক গ্রেপ্তার হওয়া আরও ৮ জন।
সাঁড়াশি এই অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, পাঁচটি চাকু, একটি কাঁচি, দুটি এসএস পাইপ ও তিনটি লাঠি।
গ্রেপ্তারকৃত এসব ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
দেশবার্তা/একে