নোয়াখালীতে অনুষ্ঠিত এক ইসলামী মহাসমাবেশে ‘হিজবুত তাওহীদ’-কে কালো তালিকাভুক্ত ‘ঈমান বিধ্বংসী জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুর এবং ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ মহাসমাবেশে বক্তারা এ দাবি জানান।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অভিযোগ করে বলেন, ‘হিজবুত তাওহীদ’ সেবামূলক কার্যক্রমের আড়ালে সুকৌশলে হাজার হাজার মুসলমানকে বিভ্রান্ত করছে। তাঁর দাবি, এর ফলে দেশের হক্কানি ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার ধর্মীয় চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং দেশের স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে। তিনি আরও দাবি করেন, সংগঠনটির কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। এ কারণে তিনি সরকারের কাছে ‘হিজবুত তাওহীদ’কে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।
সমাবেশের দুই অধিবেশনে জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার আমির মাওলানা নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন। যৌথভাবে সঞ্চালনা করেন মুফতি মুঈনুদ্দিন তৈয়বপুরী ও মাওলানা মহিউদ্দিন।
এ সময় বক্তব্য দেন জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, খতমে নবুওত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী, ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, জামেয়া ওবায়দিয়া নানুপুরের মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরী, ইসলামী মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খ সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, মাওলানা আজিজুল্লাহ নবাব, মাওলানা সিদ্দিক আহমদ নোমান ও মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে ‘হিজবুত তাওহীদ’কে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি সংগঠনটির প্রকাশিত বই, পত্রপত্রিকা ও ওয়েবসাইট বন্ধ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের ব্যাংক হিসাব জব্দ এবং সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারেরও দাবি জানান তারা।
মহাসমাবেশে ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার সমন্বয়ে গণস্বাক্ষর কর্মসূচি, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘হিজবুত তাওহীদ’-এর কর্মকাণ্ড সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে পর্যায়ক্রমে সেমিনার, মাহফিল ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
প্রতিনিধি/আরএইচ