কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানার ঝর্ণা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকায় এক মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুত করে রেখেছে।
সংবাদের সত্যতা যাচাই করে বিকেল সাড়ে ৫টার দিকে র্যাবের দলটি ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোহাম্মদ তাহের (৫০) নামে এক ব্যক্তিকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঘরের খাটের নিচে ইয়াবা রাখা আছে বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী খাটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
আটক মোহাম্মদ তাহের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার (১ নম্বর ওয়ার্ড) মৃত শেখ আহম্মেদের ছেলে।
র্যাব জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
প্রতিনিধি/আরএইচ