রাজধানীর বনানী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত চার শিশু ও তিন তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে এ অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, তারা নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের চেষ্টা করছিলেন। আটকদের মধ্যে মো. আরিফ, শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফার বয়স ১৯ বছর বলে জানিয়েছে পুলিশ। বাকি চারজন শিশু।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বনানী থানা পুলিশ জানতে পারে, আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তখনই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সাতজনকে আটক করে।
ডিএমপি জানিয়েছে, তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক উদ্ধার করা হয়। অভিযানের সময় বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দেশবার্তা/এমআর