একসময় বলিউডে ইমরান হাশমির নাম উচ্চারিত হলেই সামনে আসত প্রেম, ঘনিষ্ঠ দৃশ্য আর ‘সিরিয়াল কিসার’ তকমা। ‘মার্ডার’, ‘জান্নাত’, ‘রাজ থ্রি’-এর মতো সিনেমা তাঁকে এক বিশেষ পরিচিতি দিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে ইমরানের অভিনয়ের ভাষা; বদলেছে চরিত্র বাছাইয়ের ধরন। ৪৭ বছর বয়সী এ অভিনেতা এখন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন পরিণত ও চরিত্রনির্ভর অভিনেতা হিসেবে। সেই বদলে যাওয়া ইমরানই এবার ফিরছেন তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় চরিত্র শিবম পণ্ডিত হয়ে। প্রায় দুই দশক পর পর্দায় ফিরছে ‘আওয়ারাপন’-এর সেই অন্ধকার জগৎ।
২০০৭ সালে মুক্তি পাওয়া মোহিত সুরি পরিচালিত ‘আওয়ারাপন’ ইমরান হাশমির ক্যারিয়ারে তৈরি করেছিল আলাদা এক অধ্যায়। শিবম পণ্ডিতের নিঃসঙ্গতা, ভালোবাসা, আত্মত্যাগ ও বিষণ্নতা দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। সেই গল্পের অনেক প্রশ্নের উত্তর যেন রয়ে গিয়েছিল অমীমাংসিত। ১৯ বছর পর ‘আওয়ারাপন ২’ সেই অসমাপ্ত অধ্যায়ের নতুন দরজা খুলতে চলেছে।
সিক্যুয়েলে আবারও শিবম পণ্ডিতের চরিত্রে ইমরান হাশমি। তবে এবার সেই শিবম আগের মতো নেই। সময় তাঁকে আরও কঠিন করেছে; অতীতের ক্ষত করেছে আরও গভীর। প্রকাশ হওয়া ট্রেলারে দেখা যায়– প্রতিশোধ, অপরাধবোধ, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মমুক্তির আকাঙ্ক্ষা। সবকিছুর ভার নিয়েই এগিয়ে চলেছে চরিত্রটি।
নতুন গল্পে শিবমের জীবনে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে হাজির হয়েছেন দিশা পাটানি।
‘জারা’ চরিত্রে তাঁর উপস্থিতি গল্পে যোগ করেছে নতুন সম্পর্কের মাত্রা। ট্রেলারে তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফলে জারার সঙ্গে শিবমের সম্পর্ক কীভাবে গল্পের গতিপথ বদলাবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অন্যদিকে শাবানা আজমি অভিনয় করছেন ‘নাফিসা’ চরিত্রে। এ ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে; যা তাঁর দীর্ঘ অভিনয়জীবনে ভিন্ন স্বাদের এক সংযোজন। ছবিতে আরও অভিনয় করেছেন পুরান গাব্বি, অনিরুদ্ধ রাওয়াল, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার।
২০০৭ সালে ‘আওয়ারাপন’ সিনেমার সময় ইমরান হাশমি ছিলেন বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। বছরে একাধিক সিনেমায় দেখা যেত তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে কাজের সংখ্যা কমিয়েছেন তিনি। এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয় করতেই বেশি আগ্রহী। কারণ তাঁর কাছে সংখ্যার চেয়ে গল্প ও চরিত্র গুরুত্বপূর্ণ। ইমরান জানান, ৫০টির বেশি সিনেমায় অভিনয়ের পর নতুন কিছু খুঁজে পাওয়া সহজ নয়। তাই এখন তিনি বেছে কাজ করেন। এ পরিবর্তনই তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়কে দিয়েছে ভিন্ন মাত্রা। ওটিটিতেও সাফল্য পেয়েছেন তিনি। বড় পর্দায়ও ফিরছেন নতুন ধরনের চরিত্র নিয়ে।
‘আওয়ারাপন ২’ সেই প্রত্যাবর্তনের ক্ষেত্রে নিঃসন্দেহে বিশেষ একটি অধ্যায়। অন্যদিকে জীবনের ব্যক্তিগত বাস্তবতাও তাঁর কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। ছেলের অসুস্থতার কারণে একসময় দীর্ঘ বিরতিতে ছিলেন অভিনেতা। করোনা-পরবর্তী সময়েও নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছেন। তাঁর ভাষায়, ‘সাফল্য ও ব্যর্থতা দুটোকেই দূরত্ব রেখে দেখতে হয়। কারণ, ক্যারিয়ারে উত্থান-পতন থাকবেই; খারাপ সময়কে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।’
প্রথম সিনেমার পরিচালক মোহিত সুরির জায়গায় এবার পরিচালনার দায়িত্বে রয়েছেন নিতিন কক্কর। গল্প লিখেছেন বিলাল সিদ্দিকি। অর্থাৎ পুরোনো চরিত্র ও আবেগ থাকলেও নির্মাণের দায়িত্ব এসেছে নতুন দলের হাতে। এই পরিবর্তন ‘আওয়ারাপন ২’-কে কতটা নতুন করে তুলতে পারে, সেটিও সিনেমাটির অন্যতম আগ্রহের জায়গা। ‘আওয়ারাপন ২’-এ অভিনয়ের জন্য ইমরান হাশমি ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর।
অঙ্কটি সত্যি হলে, প্রথম ‘আওয়ারাপন’-এর তুলনায় তাঁর পারিশ্রমিক বেড়েছে প্রায় ১০ গুণ। অর্থাৎ দুই দশকে শুধু চরিত্রের বয়সই বাড়েনি, বেড়েছে সেই চরিত্রের জন্য অভিনেতার বাজারমূল্যও। দিশা পাটানি এ ছবির জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।
আগামীকাল বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৯ বছর আগে যে শিবম পণ্ডিত দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। সেই চরিত্র এবার ফিরছে বয়স, অভিজ্ঞতা ও অসংখ্য ক্ষতের ভার নিয়ে। সেই চরিত্রে ইমরান হাশমিও ফিরছেন নিজের ক্যারিয়ারের এক ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে। তাই ১৯ বছর পর শিবম পণ্ডিতকে দর্শক কতটা আপন করে নিতে পারেন, সেটিও দেখার বিষয়।
দেশবার্তা/এমআর