মার্কিন অভিনেত্রী ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের বিলাসবহুল বাড়িতে ঢুকে চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেসের হিডেন হিলস এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার ভোর চারটার দিকে কিমের প্রায় ৬ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৩৮ কোটি ৮১ লাখ টাকার বেশি) মূল্যের ওই বাড়িতে অনধিকার প্রবেশের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে বাড়িটিতে সংস্কারকাজ চলায় কিম বা তার পরিবারের কোনো সদস্য সেখানে ছিলেন না। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের একটি ভাড়া বাড়িতে অবস্থান করছেন এই তারকা।
উল্লেখ্য, ২০১৪ সালে কিমের সাবেক স্বামী ও র্যাপার কানিয়া ওয়েস্ট এই বাড়িটি কিনেছিলেন।
কিম কার্দাশিয়ানের বাড়িতে অনুপ্রবেশ বা চুরির চেষ্টা এবারই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ফ্রান্সের প্যারিসে একদল দুর্বৃত্ত পুলিশের পোশাকে এসে পিস্তলের মুখে তাকে জিম্মি করে প্রায় ১ কোটি ডলারের গহনা লুট করে নেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালে ওই ঘটনার বিচারে নয়জনকে অভিযুক্ত করে রায় দেয় ফরাসি আদালত।
ঘটনার পরপরই ফরাসি বিচারব্যবস্থার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে কিম বলেছিলেন, ‘ওই অপরাধটি আমার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা ছিল। সেদিনের কথা কখনো ভুলব না, তবে বিশ্বাস করি বিচার ও জবাবদিহিতা মানুষের উত্তরণে সাহায্য করে।’
দেশবার্তা/একে