থাইল্যান্ডের মনোরম লোকেশনে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি উল্টে গেলে এই অভিনেতা ও চিত্রগ্রাহক মেহেদী রনি গুরুতর আহত হন।
বর্তমানে তাঁদের চিকিৎসার জন্য থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ি এলাকায় নাটকটির দৃশ্যধারণ চলছিল। শুটিং শেষে খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি একটি স্কুটিতে চড়ে পাহাড় থেকে নিচে নামছিলেন। বাহনটি চালাচ্ছিলেন রনি। কিছু দূর এগোতেই হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরবর্তীতে পেছনে থাকা শুটিং ইউনিটের অন্য সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে খায়রুল বাসার জানান, পাহাড় থেকে নামার সময় স্কুটির নিয়ন্ত্রণ একদমই ছিল না। মুহূর্তে পড়ে গিয়ে তিনি বুকে ও হাঁটুতে প্রচণ্ড আঘাত পান। বর্তমানে সোজা হয়ে দাঁড়ানো কিংবা স্বাভাবিক হাঁটাচলা করা তাঁর জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে।
দুজনের শারীরিক আঘাতের তীব্রতা বিবেচনায় থাইল্যান্ডে চলমান সংশ্লিষ্ট নাটকটির শুটিং সাময়িকভাবে বাতিল ঘোষণা করেছে প্রযোজনা দল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা প্রদান করা হবে। পুরোপুরি সুস্থ হতে তাঁদের অন্তত দুই থেকে তিন দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
দেশবার্তা/একে