ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা-কল্পনার নতুন করে জবাব দিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি দাবি করেছেন, শাবনূরের সঙ্গে তাঁর ছেলের কোনো প্রেমের সম্পর্ক ছিল না; বরং শাবনূরকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করতেন সালমান।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন নীলা চৌধুরী। সে সময়ই ছেলে ও শাবনূরের ব্যক্তিজীবনের সম্পর্ক নিয়ে এসব কথা বলেন তিনি।
নীলা চৌধুরীর ভাষ্যমতে, শাবনূর সালমানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন এবং সালমানও তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। যেহেতু সালমানের নিজস্ব কোনো বোন ছিল না, তাই তিনি শাবনূরকে ছোট বোনের নজরেই দেখতেন।
তবে সালমানের মায়ের অভিযোগ, শাবনূর মাঝেমধ্যে তাঁদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে- এমন একটি আবহ তৈরি করার চেষ্টা করতেন, যা থেকেই পরবর্তীতে নানা গুঞ্জনের সৃষ্টি হয়।
অন্যদিকে, এই বিষয়ে শাবনূর বরাবরই প্রেমের অভিযোগ অস্বীকার করে আসছেন। অভিনেত্রীর মতে, তিনি সালমানকে কেবল ভাইয়ের মতোই শ্রদ্ধা করতেন।
তাঁদের পেশাগত রসায়ন ও বন্ধুত্বকে কেন্দ্র করে কিছু মানুষ ও গণমাধ্যম অপপ্রচার চালিয়েছে বলেও ইতিপূর্বে জানিয়েছেন এই অভিনেত্রী।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। পরবর্তীতে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে তাঁর জুটি গড়ে ওঠে। মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে ১৪টিতেই তাঁর বিপরীতের নায়িকা ছিলেন শাবনূর।
এই জুটির ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’ ও ‘আনন্দ অশ্রু’র মতো ব্যবসাসফল চলচ্চিত্রগুলো আজও দর্শক হৃদয়ে স্থান দখল করে আছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর তিন দশক পার হলেও তাঁদের ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে আলোচনা আজও সমানভাবে চলমান।
দেশবার্তা/একে