নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে এক অস্ত্রধারী আহত হন। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফতুল্লা থানার তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিঃ) মো. রফিক, পিপিএম, এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। পুলিশের গুলিতে আহত জসিম (২৪) ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে। গ্রেপ্তার অপর ব্যক্তি মোহন (২৩), তিনি একই এলাকার আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালানো হচ্ছিল। এ সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন অস্ত্রধারী পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে একটি পিস্তল থেকে গুলি ছোড়ে। তবে গুলি কোনো পুলিশ সদস্যের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে মোট আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিম উরুতে গুলিবিদ্ধ হন। গোলাগুলির সময় তিন পুলিশ সদস্যও আহত হন।
ঘটনার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, "সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক অস্ত্রধারী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
প্রতিনিধি/আরএইচ