ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দরের জিরো পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের নেতা এবং সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা একে অপরকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন। জবাবে ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের পক্ষ থেকেও ভারতীয় ব্যবসায়ী নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
একই সময়ে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন।
এ সময় দুই দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং সীমান্তের উভয় পাশের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় এদিন ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
প্রতিনিধি/আরএইচ