সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’। তবে আয়োজকেরা বলছেন, আগামী ২৮ আগস্ট ঐতিহ্যবাহী এ আয়োজন করার প্রস্তুতি চলছে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া নৌকাবাইচ আয়োজন করা যাবে না বলে জানিয়েছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, “বিষয়টি বিট কর্মকর্তার মাধ্যমে শুনেছি, ওইখানে দুটি পক্ষ রয়েছে। আমরা বলে দিয়েছি জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হবে না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এ প্রতিযোগিতায় অতীতে কোনো বাধার মুখে পড়তে হয়নি আয়োজকদের।
তবে এবার ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি গোষ্ঠী প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে সভা করে নৌকাবাইচ বাতিলের দাবি জানানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে লাউতা ইউনিয়নের এক বাসিন্দা বলেন, স্থানীয় যুবকেরা দীর্ঘদিন ধরে সুনাই নদীতে নৌকাবাইচের আয়োজন করে আসছেন। কয়েক দিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ফেসবুকে নৌকাবাইচের বিরুদ্ধে লেখালেখি করছেন। এতে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
আরেক বাসিন্দা বলেন, প্রতিবছর শত শত মানুষ নৌকাবাইচ উপভোগ করেন। তবে কিছু লোক নৌকাবাইচ বন্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এ বিষয়ে ১১ নম্বর লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, “নৌকাবাইচ নিয়ে ফেইসবুকে পক্ষে-বিপক্ষে লেখালেখি হচ্ছে। বাধা দেওয়ার বিষয়টি শুনেছি, তবে কোনো পক্ষ আমার কাছে আসেনি। নৌকাবাইচটি প্রায় সময়ই হয়।”
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “নৌকাবাইচ যথাসময়ে হবে। প্রস্তুতির বিষয়ে গতকাল (শুক্রবার) আমরা মিটিং করেছি, আজও (শনিবার) সন্ধ্যার দিকে আরেকটা মিটিং আছে। নৌকাবাইচ হচ্ছে।”
প্রতিনিধি/আরএইচ