দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩৯ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গত ১৬ আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৮২ জনে। এর মধ্যে কেবল চলতি আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ৮৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৯২৯ জন। গত ২৪ ঘণ্টায় ৭৯৬ জন ছাড়পত্র পাওয়ায় এ পর্যন্ত চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ২৮৭ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ময়মনসিংহে ৭৯ এবং রাজশাহী বিভাগে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশবার্তা/একে