রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা করার নির্দেশনা দিয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি দীপেন দেওয়ান বলেন, মাদক নির্মূলে পরিবারকে আগে ভূমিকা রাখতে হবে। মাদক আইন পরিবর্তন করে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে। এ জন্য পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, মাদক যারা বেচাকেনা করেন, তাঁদের সাহায্য করবেন না। আমরা এক থাকলে রাঙামাটি মাদকমুক্ত থাকবে। আমার দলের লোক হলেও কোনো ছাড়া হবে না।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের গডফাদার, মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। তবে মাদক নামক ক্যানসার একা পুলিশের পক্ষে নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় গুরু, ছাত্র-জনতা ও রাজনীতিবিদদের সহযোগিতা প্রয়োজন। তাঁদের সহযোগিতা পেলে মাদকের কোনো অস্তিত্ব থাকবে না।
তিনি বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। পুলিশের কোনো সদস্য মাদকসংশ্লিষ্টদের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সন্তানদের মাদক থেকে রক্ষা করব। আমরা সকলে মাদক নির্মূলে সহযোগিতা করব। পুলিশকে নির্ভয়ে তথ্য দিতে তিনি সকলের সহযোগিতা চান। মাদকমুক্ত, অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমীন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মামুনুর রশীদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, রাঙামাটি ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন এবং রাঙামাটি কমিউনিটি পুলিশের সহসভাপতি নবজ্যোতি খীসা।
‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’ প্রতিপাদ্য সামনে রেখে এর আগে জেলা পুলিশের আয়োজনে শহরের তবলছড়ি এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিনিধি/আরএইচ