লাল শাপলায় রঙিন বরিশাল, বাড়ছে পর্যটন সম্ভাবনা

বরিশাল প্রতিনিধি

সারাদেশ

ভোরের নরম আলোয় বিস্তীর্ণ জলরাশির বুকজুড়ে ফুটে রয়েছে অসংখ্য লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হয় পানির ওপর

2026-08-25T13:46:58+06:00
2026-08-25T13:46:58+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
লাল শাপলায় রঙিন বরিশাল, বাড়ছে পর্যটন সম্ভাবনা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
ভোরের নরম আলোয় বিস্তীর্ণ জলরাশির বুকজুড়ে ফুটে রয়েছে অসংখ্য লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হয় পানির ওপর বিছিয়ে রাখা হয়েছে রক্তিম চাদর। কোথাও ধীরে ধীরে এগিয়ে চলছে ছোট ছোট নৌকা, কোথাও আবার ডানা মেলছে সাদা বক কিংবা পানকৌড়ি। পানির স্রোত, পাখির কলকাকলি আর নির্মল পরিবেশ মিলে বরিশাল শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার উত্তর সাতলা গ্রামে গড়ে উঠেছে এক অপূর্ব প্রাকৃতিক আবহ।

স্থানটি স্থানীয়দের কাছে সাতলা বিল নামে পরিচিত হলেও সর্বসাধারণের কাছে এটি ‘সাতলার লাল শাপলার বিল’ হিসেবেই সমধিক পরিচিত। বর্ষার জলরাশিতে জুলাই থেকে শুরু করে সাধারণত নভেম্বর পর্যন্ত বিলটি রঙিন হয়ে থাকে। যুগ যুগ ধরে ফোটা এসব শাপলার মধ্যে সাদা ও বেগুনি রঙের দেখা মিললেও লাল শাপলার আধিক্যই এখানে বেশি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নৌকায় চেপে পুরো এলাকা ঘুরে দেখার সুযোগ থাকায় বর্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রূপসী বাংলার এ রূপ দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা।

প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি বিলের জীববৈচিত্র্যও আকর্ষণ করছে পর্যটকদের। সাদা বক, পানকৌড়ি, মাছরাঙা, ফিঙে, শালিক, দোয়েল, চড়ুই ও কাঠঠোকরাসহ নানা জাতের দেশীয় পাখির অবাধ বিচরণ দেখা যায় বিল ও এর আশপাশে। ফলে পাখি ও প্রকৃতিপ্রেমীদের জন্য স্থানটি অত্যন্ত পছন্দের এক গন্তব্য হয়ে উঠেছে।

বরিশাল শহর থেকে আসা পর্যটক সাকিল বলেন, ‘সাতলার শাপলা বিলের সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। প্রকৃতির নিজস্ব সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে এটি দেশের অন্যতম আকর্ষণীয় গ্রামীণ পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।’

প্রতিবছর আসা পাশের উপজেলা বাবুগঞ্জের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, ‘আমি প্রতিবছর এই শাপলার বিলে আসি। খুব সকালে এলে শাপলার সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যায়। চারপাশে লাল শাপলা আর নৌকায় ভেসে থাকার অনুভূতি অন্যরকম। এখানে এলে মনে হয় প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি।’

দীর্ঘদিন পর্যাপ্ত পর্যটন সুবিধার অভাব থাকলেও এবার স্থানটিকে আধুনিক ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে, শাপলা বিলের প্রবেশমুখে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেট। এর পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ভিউ পয়েন্ট ও ঘাটলাসহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


স্থানীয়রা জানান, শাপলা ফোটার মৌসুমে নৌ চালনা, পরিবহন ও খাবারের দোকানসহ বিভিন্ন সেবাভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। প্রয়োজনীয় অবকাঠামো উন্নত করা গেলে স্থানীয় তরুণদের কর্মসংস্থান বাড়বে, যা পুরো অঞ্চলের অর্থনীতিকে গতিশীল করবে। তবে জলজ পরিবেশ ও শাপলার ক্ষতি যেন না হয়, সেজন্য পর্যটনের প্রসারে বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ওপর জোর দিচ্ছেন সচেতন নাগরিকেরা।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা বলেন, ‘সাতলার শাপলা বিল উজিরপুরের অন্যতম বড় প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনার জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবেশদ্বার, ভিউ পয়েন্ট ও ঘাটলাসহ বিভিন্ন উন্নয়নকাজের মাধ্যমে স্থানটিকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে তোলার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘সাতলার শাপলা বিলের সৌন্দর্য দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে প্রচার-প্রচারণার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। পরিকল্পিতভাবে পর্যটন সুবিধা বাড়ানো গেলে এটি শুধু উজিরপুর নয়, বরিশাল তথা দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ারও সুযোগ সৃষ্টি হবে।’

কীভাবে যাবেন

ঢাকা থেকে সড়ক বা নৌপথে বরিশাল পৌঁছে উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে ইজিবাইক বা মাহিন্দ্রায় সরাসরি পৌঁছানো যাবে উত্তর সাতলার লাল শাপলা বিলে। শাপলা গ্রামের আশপাশে স্থানীয় খাবারের হোটেল থাকলেও রাতযাপনের জন্য পর্যটকদের উজিরপুর উপজেলা সদর বা বরিশাল শহরের আবাসিক হোটেলে ফিরতে হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]