পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা যুবদলের নবঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের একাংশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হাতে ঝাড়ু নিয়ে “পকেট কমিটি মানি না, মানবো না” স্লোগান দেন।
পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন, বাবুল মুন্সি ও শাহীন ফরাজী। নবঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন হাওলাদারও কর্মসূচিতে নেতৃত্ব দেন।
বক্তারা নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, আওয়ামী লীগবিরোধী আন্দোলনে সক্রিয় না থাকা এবং দলের দুর্দিনে ভূমিকা না রাখা ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন, মামলা-হামলা ও ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে এবং ত্যাগী কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান বক্তারা।
বিক্ষোভে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপস্থিত এক নেতাকর্মী বলেন, “আমরা দলকে ভালোবাসি বলেই ঝাড়ু হাতে নেমেছি। দলের ভেতরের ময়লা পরিষ্কার করতে চাই।”
উল্লেখ্য, গত ২৬ আগস্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
প্রতিনিধি/আরএইচ