‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন প্রজন্মকে মাদক ও কুসঙ্গ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, খেলাধুলা শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। ময়মনসিংহ বিভাগের ক্রীড়ার উন্নয়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা), জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহবুবুল আলম এবং সদস্য এনামূল হক আকন্দ লিটন। টুর্নামেন্ট পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলা দল মুখোমুখি হয়। আগামী ৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি/আরএইচ