কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে রাঙামাটির ঝুলন্ত সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। সেতুটি পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থীদের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে সেতুটির কোথাও ৪ ইঞ্চি, কোথাও তার চেয়ে বেশি পানি ওঠে। এ কারণে সেতুতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি পর্যটন করপোরেশন।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি ওঠায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেতুতে পর্যটক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। সেতু থেকে পানি না নামা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।”
উল্লেখ্য, রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ওপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এ সেতুটিতে জলপথে ও স্থলপথে সহজে যাওয়া যায়। বর্তমানে সেতুটি ‘সিম্বল অব রাঙামাটি’ হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে।
প্রতিনিধি/আরএইচ