রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন বস্তিতে ব্যাটারিচালিত রিকশা চার্জে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ। অভিযানে ১০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশার ৫০০টি চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষযটি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিনগত রাতে কাফরুল থানাধীন কাফরুল স্টাফ কোয়ার্টার সংলগ্ন পকেট বস্তি এবং রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তি, চলন্তিকা বস্তি ও টিনশেড বস্তিসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়।
ডিসি ছানোয়ার হোসেন জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সহযোগিতায় সংশ্লিষ্ট থানা পুলিশ এবং পিওএম ফোর্সের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে প্রায় ২০০ মিটার বৈদ্যুতিক তার (আনুমানিক ওজন ৭০ কেজি), ৫০০টি চার্জিং পয়েন্ট বিচ্ছিন্ন ও তিনটি চার্জিং অ্যাডাপ্টার জব্দ করা হয়। একই সঙ্গে একাধিক বৈদ্যুতিক মিটারসহ ১০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ট্রাফিক মিরপুর বিভাগের প্রধান আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখা এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে মিরপুর অঞ্চলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশবার্তা/একে