সারা দেশে বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সর্বোচ্চ ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা রয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে আজ এ চিত্র পাওয়া গেছে।
পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার ব্যস্ত সময়ে একক অঞ্চল হিসেবে সর্বোচ্চ ঢাকা জোনে ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এর আগে গত শনিবার ঢাকায় লোডশেডিংয়ের পরিমাণ ছিল ৬৯৮ মেগাওয়াট।
অন্যান্য অঞ্চলের মধ্যে ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে, চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে এবং সিলেট জোনে ১০০ মেগাওয়াট লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে। আর সারা দেশের মধ্যে সবচেয়ে কম লোডশেডিং হতে পারে বরিশাল জোনে, যার পরিমাণ ৭০ মেগাওয়াট।
দেশবার্তা/এতে