চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের বকেয়া ব্যাংক ঋণ পরিশোধ করে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিহতের স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন।
বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে দেওয়া এই অর্থ দিয়ে নিহত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের নামে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বকেয়া থাকা সম্পূর্ণ ঋণ পরিশোধ করা হবে।
এর আগে গত ৫ জুলাই মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আনসার কর্মকর্তা আলাউদ্দিন। ঘটনার পরপরই তাঁর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছিল বাহিনীর পক্ষ থেকে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান। মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিধি মোতাবেক প্রাপ্য সব সুবিধা দ্রুততম সময়ে নিশ্চিত করাসহ ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সদর দপ্তরে এই চেক তুলে দেওয়ার সময় নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে