ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কিছুক্ষণ পর কার্টনগুলো থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে। পরে কার্টন খুলে এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কার্টনের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।
তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
দেশবার্তা/এমআর