ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি উচ্চবিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মিনদানো প্রদেশের দক্ষিণ কোতাবাতোর বাঙ্গা ন্যাশনাল হাইস্কুলে এ ঘটনা ঘটে।
তবে হতাহতের সংখ্যা নিয়ে স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তাদের দেওয়া তথ্যে ভিন্নতা রয়েছে। এখন পর্যন্ত হামলাকারী ও নিহত-আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ফিলিপাইনের শিক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলে গুলিবর্ষণের খবর নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলকর্মীদের নিরাপত্তা এবং সুস্থতাই তাদের তাৎক্ষণিক অগ্রাধিকার।
ঘটনাটি যাচাই করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানিয়েছে শিক্ষা বিভাগ। একই সঙ্গে তদন্ত চলাকালে সবাইকে শান্ত থাকার এবং যাচাই না করা তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো সাংবাদিকদের জানান, ঘটনায় একজন নিহত হয়েছেন এবং চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। হামলাকারী নিহত বা আহতদের মধ্যে রয়েছেন কি না, সেটিও জানাননি তিনি।
অন্যদিকে, স্থানীয় গণমাধ্যমগুলো ফিলিপাইনের অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে আরও বেশি হতাহতের খবর দিয়েছে।
ঘটনার পর বাঙ্গা পৌরসভার সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করা হয়েছে। ফিলিপাইন রেড ক্রসও ঘটনাস্থলে চিকিৎসা দল পাঠিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং গুলিবর্ষণের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করেছে।
ফিলিপাইনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার তুলনামূলকভাবে সাধারণ। দেশটিতে এ অঞ্চলের অন্যতম বেশি আগ্নেয়াস্ত্রের মালিকানা রয়েছে। তবে স্কুলে গুলিবর্ষণের ঘটনা তুলনামূলকভাবে বিরল।
এর আগে জুন মাসে মধ্য ফিলিপাইনের একটি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের গুলিতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছিলেন। তদন্তকারীরা ধারণা করেছিলেন, বুলিংকে কেন্দ্র করে পুরোনো বিরোধ থেকেই ওই হামলার ঘটনা ঘটেছিল।
দেশবার্তা/এমআর