মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগারের পরিবর্তে গৃহবন্দি থাকার অনুমতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। তবে এই সুবিধা পেতে তাকে প্রায় ১ কোটি ২৩ লাখ ডলার বা ৫ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা দিতে হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইনজীবীরা জানান, নাজিবকে দেওয়া এই শর্তসাপেক্ষ ক্ষমার আওতায় তিনি ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত নিজ বাড়িতে থেকে বাকি সাজা ভোগ করতে পারবেন।
বিজ্ঞাপন
তবে শর্ত অনুযায়ী, নাজিবকে ৫ কোটি রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে এবং ক্ষমার সঙ্গে দেওয়া সব শর্ত মেনে চলতে হবে। কোনো শর্ত ভঙ্গ করলে এই ক্ষমা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং তাকে অবিলম্বে বাকি সাজা কারাগারে গিয়ে ভোগ করতে হবে।
৭৩ বছর বয়সী নাজিব রাজাক মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি (1MDB)–সংক্রান্ত দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন। এই কেলেঙ্কারিকে বিশ্বের অন্যতম বড় রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
২০২০ সালের জুলাইয়ে ১এমডিবির সাবেক সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনাল থেকে বিপুল অর্থ আত্মসাতের মামলায় নাজিবকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ক্ষমা বোর্ড তার সাজা অর্ধেক করে ছয় বছর নির্ধারণ করে এবং জরিমানাও কমিয়ে ৫ কোটি রিঙ্গিত করা হয়।
গত বছরের শেষ দিকে নাজিবের বাকি সাজা বাড়িতে ভোগ করার আবেদন একজন মালয়েশিয়ান বিচারক প্রত্যাখ্যান করেছিলেন। এবার রাজকীয় ক্ষমার মাধ্যমে তাকে গৃহবন্দিত্বের সুযোগ দেওয়া হলো।
বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, এই মামলায় নাজিবের সাজা ২০২৮ সালের আগস্টে শেষ হওয়ার কথা।
দেশবার্তা/এমআর