জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আয়োজিত এই নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডনসহ প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাঁর এই নিউইয়র্ক সফর ও জাতিসংঘে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এ সময় গাজায় ৭২ হাজারের বেশি মানুষকে হত্যার দায়ে নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দেন তাঁরা।
পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিডটাউন ম্যানহাটন এলাকায় নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারান্ডন, এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্না আইনবাইন্ডার, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসপ্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে।
বিক্ষোভে অংশ নেওয়া ম্যানিজেহ মোরাদিয়ান (৫০) নামের এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক বলেন, ‘গাজায় পুরো সমাজকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এটা আমাদের নামে ও আমাদের করের অর্থে করা হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। এসব নৃশংসতার সাফাই গাওয়ার জন্য জাতিসংঘের মঞ্চ ব্যবহার করার কোনো অধিকার নেতানিয়াহুর নেই।’
সাধারণ পরিষদে নেতানিয়াহু বক্তব্য দিতে মঞ্চে ওঠার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেন। এ সময় উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাঁকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিজস্ব প্রতিনিধিদল দাঁড়িয়ে তালি দিয়ে তাঁকে স্বাগত জানায়। ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন।
এদিকে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে এই বিক্ষোভের আয়োজন করে ফিলিস্তিনপন্থী ইহুদি অধিকারগোষ্ঠী ‘জিউইশ ভয়েস ফর পিস’। ‘বোমা নয়, মানুষের জন্য অর্থ দাও’, ‘যুদ্ধ নয়’ ও ‘ফিলিস্তিন মুক্ত করো’ লেখা সংবলিত সাদা টি-শার্ট পরে প্রায় ২০০ মানুষ জাতিসংঘ সদর দপ্তরের বাইরে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা সড়কে যান চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকলে পুলিশ তাঁদের সরে যাওয়ার নির্দেশ দেয়। অনেকে সরে গেলেও একটি দল রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে সাইকেল পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং প্লাস্টিকের বন্ধনী (জিপ টাই) দিয়ে হাত বেঁধে একের পর এক বাসে তুলে নিয়ে যায়। এ সময় বাইরে থাকা বিক্ষোভকারীরা ‘নেতানিয়াহু জাহান্নামে যাও’ বলে স্লোগান দেন।
দেশবার্তা/একে