নরসিংদীর পাঁচদোনায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯টার দিকে পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের পেছনে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নুর উদ্দিন নিহত হন। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সিএনজি চালককে হেফাজতে নেয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশবার্তা/একে