টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে খাকুরিয়া ব্রিজের কাজ এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও চার বছরেও তা সমাপ্ত হয়নি। ২০২১ সালে শুরু হওয়া প্রজেক্টটির কাজ ২০২২ সালের ২০ মার্চ শেষ হওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখেই ফেলে চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৪০টি গ্রামের মানুষ।
এলাকাবাসীর দাবি, অসম্পূর্ণ ব্রিজের নির্মাণকাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে চলাচলের উপযোগী করা হলে দীর্ঘদিনের এই দুর্বিষহ ভোগান্তি থেকে তারা পরিত্রাণ পাবেন।
জানা যায়, ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কের দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়া ব্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে একাংশ ভেঙে পড়লে পুনর্নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪ টাকা চুক্তিমূল্যে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্ট ভেঞ্চার’ ২০২১ সালের ২১ সেপ্টেম্বর কার্যাদেশ পায়।
২০২২ সালের ২০ মার্চের মধ্যে কাজ হস্তান্তরের কথা থাকলেও অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিজে কাজ না করে স্থানীয় সাইফুল ইসলাম নামে একজনকে সাব-ঠিকাদার নিয়োগ দেয়। তিনি ও মূল ঠিকাদার বিকল্প সড়ক নির্মাণের কাজ শেষ না করেই প্রায় দুই বছর আগে কাজ ফেলে চলে যান।
এর ফলে ধলাপাড়া ও দেওপাড়া ইউনিয়নের সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা, শিবেরপাড়া, বাদে আমজানী, তালতলা, দেওপাড়া, কালিয়ান, গান্দী, চাম্বলতলা, রহমত খার বাইদ, রানাদহ, চৈতার বাইদ, মলাজানী, যুগিয়াটেঙ্গর, কুমারপাড়া, গানজানা, মাকড়াই, মালেংগা, চৌরাশা, কোচক্ষিরা, কাপাসিয়া, বারইপাড়া, ভোজদত্ত, হরিণাচালা, কাকুরিয়া, কালু কাছড়া, দেলুটিয়া, ভাবনদত্ত, ঘোড়ামারা ও বানীভাসাসহ প্রায় ৪০ গ্রামের মানুষ যোগাযোগের ক্ষেত্রে বিপাকে পড়েছেন।
স্থানীয় পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, চার বছর পার হতে চললেও ব্রিজের কাজ শেষ হয়নি। বর্তমানে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে খালি পায়েও হেঁটে চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে।
উক্ত সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকসহ নানা যানবাহনের চালকরা জানান, খাকুরিয়া ব্রিজটি দীর্ঘ চার বছর ধরে অসমাপ্ত থাকায় তাদের জীবিকা ও যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে নির্মাণকাজ সম্পন্ন করার জোর দাবি জানান।
এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন জানান, ঘাটাইল উপজেলার দেওপাড়া এলাকায় নির্মাণাধীন ৫২ মিটার খাকুরিয়া ব্রিজের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু রেলিং ও অ্যাপ্রোচের কাজ বাকি রয়েছে, যা শুরু করা হয়েছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে আপাতত কাজ বন্ধ থাকলেও আবহাওয়া অনুকূলে এলে আগামী এক মাসের মধ্যে কাজটি শেষ করা সম্ভব হবে।
প্রতিনিধি/একে