নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৬০ মণ ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ট্রলারটি চেয়ারম্যান ঘাটে ফেরে। পরে সাইফুল মৎস্য আড়তে দুপুর পর্যন্ত তিন ধাপে নিলামে মাছগুলো প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে টানা ছয় দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে তাঁরা চেয়ারম্যান ঘাটে ফেরেন। পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নিলামে তোলা হলে ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে কিনে নেন।
একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়। স্থানীয় জেলেরা জানান, এমন বড় পরিমাণ ইলিশ ধরা পড়ায় তাঁরা উৎসাহিত হয়েছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, সাগরে ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে জেলেদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় মাছের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সাগরে ইলিশের প্রাপ্যতা ভালো থাকায় জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে জাটকা সংরক্ষণ এবং নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা দরকার।
প্রতিনিধি/আরএইচ