মাগুরার শ্রীপুরে নিজ ঘরে মো. রাব্বি মন্ডল (৩২) নামে এক বালু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর বিরুদ্ধে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তারকে (২৭) আটক করেছে পুলিশ।
নিহত রাব্বি মন্ডল পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে। তাঁর ও ফারজানার সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ফারজানা বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকেই রাব্বি ও ফারজানার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা চলছিল। এর জেরে শুক্রবার ভোরে রাব্বি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর গলায় ধারালো দা দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, সকাল ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার ফোন করে জানান, দম্পতির মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছে। খবর পেয়ে রাব্বির বাবা দ্রুত ঘরে গিয়ে বিছানার ওপর ছেলের রক্তাক্ত নিথর দেহ দেখতে পান।
হত্যাকাণ্ডের পর ফারজানা আমতৈল গ্রামে তাঁর বাবার বাড়িতে চলে যান। বিষয়টি জানতে পেরে ফারজানার বাবা পুলিশকে খবর দিলে শ্রীপুর থানা পুলিশ সেখান থেকে তাঁকে হেফাজতে নেয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি দা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা নজরুল মন্ডল বলেন, ‘দিন দশেক আগে শ্বশুরবাড়ি আমতৈল গেলে সেখানকার লোকজন রাব্বিকে মারধর ও অপমান করেছিল। আজ সকালে গিয়ে দেখি আমার নিষ্পাপ ছেলেটা খাটের ওপর রক্তাক্ত পড়ে আছে। আমরা এই নির্মম হত্যার কঠোর শাস্তি চাই।’
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত তদন্ত অব্যাহত রয়েছে।
ভোররাতের এই ঘটনায় পশ্চিম রাজাপুর গ্রামে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিনিধি/আরএইচ