জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ স্বপন হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত স্বপন জেলার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিবির একটি চৌকস দল সোনামুখী ইউনিয়নের জাফরপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জাফরপুর থেকে হলহলিয়াগামী পাকা রাস্তায় স্বপনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/একে