জয়পুরহাটের আক্কেলপুরে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বেলি বিবি (৫৫) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের পরদিন আজ শুক্রবার সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলি বিবি গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান। দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সন্ধান শুরু করেন। একপর্যায়ে খালের পাশে তাঁর জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়। আজ শুক্রবার ভোরে স্থানীয় বিপ্লব নামের এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহ ভাসতে দেখে গ্রামবাসীকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে ডুবে যান।
নিহতের স্বামী বাচ্চু সরদার বলেন, আমার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। আমি গতকাল বাড়িতে ছিলাম না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। খালের পাড়েই তাঁর ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়েছিল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/একে