রাজশাহী প্রেসক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব চত্বরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা মরহুম সাইদুর রহমানের সততা, নীতি-আদর্শ ও দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, সাইদুর রহমান ছিলেন আপসহীন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নবীন সাংবাদিকদের জন্য একজন নির্ভরযোগ্য অভিভাবক। তাঁর প্রয়াণে রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
সভায় অতিথি ও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান, প্রবীণ সাংবাদিক ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন।
এ ছাড়া রাজশাহী কলেজের সাবেক জিএস কাফিউল্লাহ সরকার বাচ্চু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুজ্জামান আনিস, ওয়ালিউর রহমান বাবু ও আব্দুল মুগনী নিরোসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, নির্বাহী সদস্য রাজীব আলী রাতুল ও রাউফ উদ্দিন রাফিসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।
প্রতিনিধি/আরএইচ