ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দুই দলের সামর্থ্যের পার্থক্য তুলে ধরেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। তার মতে, টেকনিক, ট্যাকটিকস ও খেলার নির্ভুলতায় মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।
জাকার্তায় গতকাল ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় লাল-সবুজের দল।
ম্যাচ শেষে ডুলি বলেন, ‘আমরা দেখতে পেলাম যে আমাদের এবং তাদের মধ্যে মূল পার্থক্যটা হলো অ্যাকুরেসি, টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জায়গায়।’
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের ব্যবধান বড়। বাংলাদেশ ১৮১ নম্বরে, আর মালয়েশিয়া এগিয়ে ৪৫ ধাপ। মাঠের পারফরম্যান্সেও সেই পার্থক্যের প্রতিফলন দেখেছেন ডুলি।
তবে বড় ব্যবধানে হারলেও খেলোয়াড়দের সমালোচনা করেননি বাংলাদেশ কোচ। বরং প্রতিপক্ষের শক্তিমত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে খেলোয়াড়দের নিয়ে আমি সন্তুষ্ট। তারা সবাই চেষ্টা করেছে।’
মালয়েশিয়ার বিপক্ষে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
দেশবার্তা/এমআর