ভারতের হয়ে আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির তারকা ব্যাটার বিরাট কোহলি। জিওস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ইন্ডিয়ান মিডিয়া নিউজ আঠেরোর এক প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, আগামী বছর ওডিআই বিশ্বকাপের আগে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।
আগামী বছরের অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
২০১১ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জেতেন কোহলি। তিনি এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপে (২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩) ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বর্তমানে তিনি টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের একক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডটিও কোহলির দখলে। ২০২৩ সালের আসরে তিনি সর্বমোট ৭৬৫ রান সংগ্রহ করেন। ভারতের হয়ে এখন পর্যন্ত ৩১৪টি ওয়ানডে ম্যাচে তাঁর সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান।
দেশবার্তা/একে