ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে।
রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় পুরো অঞ্চলজুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রাজ্যে ১ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার থেকে রোববারের মধ্যে রাজ্যে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; যেখানে বছরের এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।
২৪ কোটিরও বেশি মানুষ অধ্যুষিত ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যে প্রতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে নিয়মিত কালবৈশাখী ও অতিবৃষ্টি দেখা দেয়। তবে গত কয়েক বছর ধরে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতের মতো চরম আবহাওয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়া নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে দেশটির আবহাওয়া অফিস।
পরিবেশ বিশেষজ্ঞরা বিষয়টিকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে চিহ্নিত করেছেন।
দেশবার্তা/একে