মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে জোর দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গঠিত ১ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
কর্মসংস্থান ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির ও যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
এছাড়া কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান এবং কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই প্রাক-অর্থায়ন তহবিলের মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা পাওয়ায় দেশের বিপুলসংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার তরুণ-তরুণী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ পাবেন, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশবার্তা/একে