| চলমান বার্তা: |

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশ এ জন্য নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়েও একমত হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। বাঘেই বলেন, যুদ্ধ বন্ধ করা এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইরানের অবস্থান ও শর্ত স্পষ্টভাবে জানানো হয়েছে। অন্য পক্ষের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হবে।
ইরানি এই কর্মকর্তা জানান, ওমানের সঙ্গে পরামর্শ ও আলোচনা ভালোভাবেই এগিয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নির্ধারণেও দুই দেশ একমত হয়েছে।
এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। শিগগিরই আন্তর্জাতিক সংস্থার কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেন বাঘেই।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ। ফলে এ পথে নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে যেকোনো সমঝোতা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
দেশবার্তা/এমআর
