দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার বিকেলে নগরীর পতেঙ্গায় অবস্থিত সিডিডিএলের অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী সিডিডিএলের কারিগরি দক্ষতা ও সার্বিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এর আগে তিনি সিডিডিএলে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন তাঁকে স্বাগত জানান।
সিডিডিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সিডিডিএল। পরবর্তীতে নানাবিধ কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং এর কার্যক্রম দুর্বল হয়ে পড়ে। এ অবস্থায় সিডিডিএলকে পুনরুজ্জীবিত করতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর এটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে এটি পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে সিডিডিএল এ পর্যন্ত ১ হাজার ৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। এছাড়া কন্টেইনার ভেসেলসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্টুন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এখানে জাহাজের ড্রাই ডকিং ও ভাসমান অবস্থায় মেরামত সেবা দেওয়া হচ্ছে।
সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বাড়াতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সিডিডিএল। প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচনসহ প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কাজ ইতিমধ্যে এগিয়ে নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা বাড়বে এবং প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জন সহজ হবে।
জাহাজ মেরামত ও নির্মাণের পাশাপাশি দেশের মৌলিক শিল্পখাতেও ভূমিকা রাখছে সিডিডিএল। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার, রাসায়নিক শিল্প ও বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন স্টিল কাঠামো, যন্ত্রপাতি, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ এবং বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ নানা সিভিল অবকাঠামো নির্মাণে দক্ষতার স্বাক্ষর রেখেছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক মানসম্পন্ন পরিচালন সক্ষমতার স্বীকৃতিস্বরূপ সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। পাশাপাশি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেছে প্রতিষ্ঠানটি। সিডিডিএলের এসব বহুমুখী উন্নয়ন কার্যক্রম দেশের সামুদ্রিক নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
দেশবার্তা/একে