সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার (১০ অক্টোবর) এ হামলার তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক। এছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক রয়েছেন। ঘটনার পরপরই বিমানবন্দরটির সার্বিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়ে আসছিল। তারা সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, কোনো বিমানসংস্থা সৌদির আকাশসীমা ব্যবহার করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। ওই হুমকির ধারাবাহিকতায় শনিবার রিয়াদ বিমানবন্দরে এই বড় ধরণের হামলার ঘটনা ঘটে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো বিস্ফোরক বস্তু এসে পড়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলার ঘটনা ঘটল। এর মধ্যে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হামলায় অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন।
গত প্রায় দুই মাস ধরে হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সামরিক হামলা-পাল্টা হামলা তীব্র আকার ধারণ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু হিসেবে রিয়াদ বিমানবন্দরকে ব্যবহার করছে হুতিরা।
দেশবার্তা/একে