সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর বিমানবন্দরটির সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ মোট ১২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।
সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
হামলার পর যাত্রী ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে নির্ধারিত একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং সময়সূচি বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী।
তবে হামলার ধরণ ও সার্বিক ক্ষয়ক্ষতির বিবরণ এবং নিহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিমানবন্দর চালু ও উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে কূটনৈতিক ও বিমান সংশ্লিষ্টদের তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
দেশবার্তা/একে