চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার (১২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উল্লিখিত নির্ধারিত সময়সীমার মধ্যে যেকোনো এক দিন ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তবে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও সম্মতি পাওয়ার পরই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
পরীক্ষার সার্বিক চিত্র তুলে ধরে জানা যায়, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তীতে স্থগিত থাকা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে ৩ লাখ ৩৯৩ জন (৩১০টি কেন্দ্র)। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী অংশ নেন।
অন্যান্য বোর্ডের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী এ বছরের সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন।
দেশবার্তা/একে