চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন প্রায় ২৪ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবন-২ এ অবরুদ্ধ রয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের জন্য সকালের খাবার পৌঁছে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় উপাচার্যের সঙ্গে কথা বলতে ভবনের ভেতরে প্রবেশ করেন গণমাধ্যমকর্মীরা। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সহায়তা চেয়েছেন।
প্রশাসনের কাছে কী ধরনের সহযোগিতা চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি, তারা কীভাবে করবে সেটা তাদের ব্যাপার।’
এদিকে, রাত ২টার দিকে উপাচার্যের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. শাহরিয়ার অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে চুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম শহরে পাঠানো হয়।
চুয়েটের বাসে হামলার নিন্দা জানিয়ে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়ে বুয়েট, রুয়েট, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিবৃতি দিয়েছে। অন্যদিকে, চুয়েটের ঢাকায় অবস্থানরত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আজ বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ মোড়ে কর্মসূচির আহ্বান জানিয়েছেন।
এর আগে গতকাল সোমবার সকালে উপাচার্য ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। দুপুরে শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটাম অনুযায়ী ভবন না ছাড়ায় তাকে অবরুদ্ধ করা হয়। এ সময় ভবনের ফটকে তালা লাগিয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারীরা।
দেশবার্তা/এমআর