নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকে গুরুতর আঘাত পান এই অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দেন প্রিয়ন্তী। সেখানে তিনি জানান, ঘটনাটি তার জন্য ভীষণ ভীতিকর ছিল। তবে এর জন্য কারও কোনো দোষ নেই বলেও স্পষ্ট করেন তিনি।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়ন্তী লেখেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর! আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে আমি হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।’
তিনি আরও উল্লেখ করেন, মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে শটের কাজ চলার সময় হঠাৎ বেডটি ঝাঁকি খাওয়ায় ডিওপি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ক্যামেরাসহ সরাসরি তার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য তিনি কিছু দেখতে ও কথা বলতে পারেননি জানিয়ে বলেন, ব্যথাটি ছিল অসহ্য। পরবর্তীতে হাসপাতালে গিয়ে এক্স-রে করান এবং বর্তমানে ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিক সেবন করছেন।
দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে নারাজ এই অভিনেত্রী। তার ভাষ্যে, শুটিংয়ের সময় সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবেই পালন করছিলেন। এটি সম্পূর্ণ একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছিল।
আঘাতের কারণে নাক ফুলে গেলেও নাকটি ভেঙে যায়নি বলে স্বস্তি প্রকাশ করেন প্রিয়ন্তী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, আমি তো ভেবেছিলাম হয়তো নাক ভেঙে গেছে। কিন্তু নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। আলহামদুলিল্লাহ, হয়তো আরও অনেক বড় কিছু হতে পারত। ব্যথা আছে প্রচণ্ড।
এদিকে গুরুতর আহত হলেও কাজের প্রতি পেশাদারিত্বের পরিচয় দিয়ে শুটিং বন্ধ রাখেননি তিনি। দুর্ঘটনার দিন রাত ২টা পর্যন্ত এবং পরের দিনও শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, আর একদিন শুটিং করলেই কাজটা শেষ হয়ে যাবে। পরিচালকেরসহ পুরো টিমের যেন কোনো সমস্যা না হয়, সেজন্য কাজটি শেষ করে দিতে চাচ্ছেন তিনি।
জানা গেছে, বর্তমানে রাসেল আজম পরিচালিত ‘মনের মতো’ নাটকের শুটিং করছেন প্রিয়ন্তী উর্বী। এই নাটকে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আরশ খান।
দেশবার্তা/একে