ব্যান্ডসংগীতপ্রেমীদের জন্য দারুণ এক সুসংবাদ। দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় পাঁচ ব্যান্ড- নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য- একই মঞ্চে গাইতে যাচ্ছে। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক অ্যান রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই জমজমাট কনসার্ট।
ব্যান্ডগুলোর পাশাপাশি এবারের আয়োজনে একক পরিবেশনায় গিটার নিয়ে মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী অনি হাসান ও এ কে রাহুল।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, ২০২২ সাল থেকে তারা সফলভাবে ‘রক অ্যান রিদম’ সিরিজের কনসার্টটি আয়োজন করে আসছে। রক ও মেটাল মিউজিকপ্রেমীদের কাছে এই সিরিজটি ইতিমধ্যে দারুণ গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এটি তাদের পঞ্চম আয়োজন।
টিকিট ও প্রবেশাধিকারের নিয়মাবলী
ইতিমধ্যে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিফাই’ এর ওয়েবসাইটে মাত্র ৯৯৯ টাকায় টিকিট সংগ্রহ করা যাচ্ছে। তবে আয়োজকদের পক্ষ থেকে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে- একবার ভেন্যুতে প্রবেশ করার পর বের হলে টিকিটের মেয়াদ শেষ হয়ে যাবে (পুনরায় প্রবেশ নিষিদ্ধ); হ্যান্ডব্যাগের বাইরে কোনো বড় ব্যাগ সঙ্গে রাখা যাবে না; এছাড়া ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে টিকিটের ওয়েবসাইটে উল্লেখিত অন্যান্য শর্তগুলোও মেনে চলতে হবে।
সব ধরনের অনুমতি নিয়ে কনসার্টটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে আয়োজকরা আশা করছেন, কোনো বিপত্তি ছাড়াই যথাসময়ে উৎসবমুখর পরিবেশে মেগা এই কনসার্টটি অনুষ্ঠিত হবে।
দেশবার্তা/একে