ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য

2026-11-01T18:25:10+06:00
2026-11-01T18:25:10+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পরিষদ ভবন পর্যন্ত বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ এবং সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়।

সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির প্রথম দিনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল। শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ।

প্রধান অতিথি বলেন, একটি দেশ তখনই এগিয়ে যাবে, যখন যুবসমাজকে সঠিক ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে কাজে নিয়োজিত করা যাবে। দেশের জনসংখ্যার বড় একটি অংশ যুবসমাজ। এই জনশক্তিকে দক্ষভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি ও উন্নয়ন অনেক এগিয়ে যাবে। অন্যথায় বিপুল জনসংখ্যা দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, আমাদের দেশে কারিগরি শিক্ষার প্রসারের কথা বলা হলেও পলিটেকনিক ও টেকনিক্যাল ট্রেনিং স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। এর অন্যতম কারণ, আমরা শ্রমকে যথাযথ সম্মান করি না। শ্রমের প্রতি সম্মান না থাকায় কারিগরি ও শ্রমনির্ভর কাজগুলো জনপ্রিয় হয়ে উঠছে না।

যুবসমাজকে উদ্ভাবনী ও সৃজনশীল কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু টিকটক বা ইউটিউবার হওয়ার চিন্তা না করে এগুলোকে তৃতীয় বা চতুর্থ বিকল্প হিসেবে রাখতে হবে। ছোট ছোট উদ্ভাবনী উদ্যোগ, হস্তশিল্প ও কুটিরশিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তালপাতা, বাঁশ-বেতের সামগ্রীসহ বিভিন্ন হস্তশিল্প বিদেশে বিক্রির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব পণ্য উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব।

তিনি আরও বলেন, উৎপাদনমুখী ব্যবসার দিকে যুবকদের বেশি মনোযোগী হতে হবে। ময়মনসিংহে শিল্পাঞ্চল গড়ে ওঠায় এসব শিল্পের সহায়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে। শিল্পাঞ্চলকেন্দ্রিক সহায়ক ব্যবসা ও উৎপাদন কার্যক্রম গড়ে তুলতে পারলে এলাকার উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক পরিকল্পনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শুধু চাকরির প্রত্যাশা না করে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে হবে। যুবশক্তিকে দক্ষ, সৃজনশীল ও উৎপাদনমুখী জনশক্তিতে রূপান্তর করতে পারলেই দেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ‘আপনারা যদি বদলে যান, বাংলাদেশ বদলে যাবে।’ দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রথমে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। চাকরির পেছনে ছোটার প্রবণতা থেকে বেরিয়ে এসে যুবসমাজকে দক্ষতা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শিক্ষিত তরুণকে চাকরিজীবী হতে হবে, এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কারও মেধা খেলাধুলায়, কারও সংগীতে, আবার কারও কারিগরি কাজে থাকতে পারে। তাই প্রত্যেকের মেধা ও যোগ্যতা অনুযায়ী উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী তরুণদের বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঋণ সহায়তার উদ্যোগ নিয়েছেন। বেকার যুবকদের জন্য ঋণ সুবিধা এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কাজে লাগাতে পারলে বাংলাদেশ আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে। এ জন্য যুবসমাজকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থানে নিয়োজিত করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মধ্যে চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
৪ মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়ালো
৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement