শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মুখে নিরাপত্তা বিবেচনায় সাভার ও আশুলিয়ায় অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সকাল থেকেই কর্মবিরতি পালন করছিলেন। তাঁদের আন্দোলনের মুখে ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।
জানা যায়, রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম পোশাক কারখানা, ট্রাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন এবং অন্যান্য কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন। বেলা ১২টার দিকে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এর পাশাপাশি, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশি হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাঁদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে- ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া চিরতরে বন্ধ করা।
কমফোর্ট কালেকশন কারখানার অপারেটর রাজু আহমেদ বলেন, ‘আমাদের কারখানায় হেলপারদের বেতন মাত্র ৮ থেকে সাড়ে ৮ হাজার টাকা, যা অন্য কারখানার তুলনায় অনেক কম। এ ছাড়া অন্য কারখানায় হাজিরা বোনাস ১৫০০ টাকা দেওয়া হলেও আমাদের দেওয়া হয় মাত্র ৫০০ টাকা। আমরা ন্যূনতম ন্যায্যমজুরি ও ভাতার দাবিতে রাস্তায় নেমেছি।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকরা প্রধানত তিনটি দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন, যার মধ্যে মূল দাবি হলো ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। যদিও এ বিষয়ে আজ মজুরি বোর্ড গঠন করা হয়েছে, তবুও শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা আজ সড়কে নেমে বিক্ষোভ করেছেন।
দেশবার্তা/একে